গৌরনদীতে অতিরিক্ত দামে মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি-৭৫০ টাকা দরের গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি করায় বরিশালের গৌরনদীতে বাবুল সরদার নামের এক কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে পৌরসভার আশোকাঠী বাজারে অভিযান চালিয়ে খানজাহান আলী মিট হাউসের মালিক কসাই বাবুল সরদারকে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন ।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন জানান, উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন হাট বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা দরে বিক্রির নির্ধারন করে দেন প্রাণী সম্পদ কর্মকর্তা। তবে রোববার সকাল থেকে আশোকাঠী বাজারের খানজাহান আলী মিট হাউসে প্রতি কেজি মাংস ৮০০ টাকা দরে বিক্রি করে আসছে এ অভিযোগের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে দোকানের মালিক বাবুল কসাইকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর অধীনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































